সোমবার (১৬ মার্চ ২০২৬) কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার মজমপুর ও আর.এ. খান রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন ফিলিং স্টেশন ও ফ্যাশন হাউজে মনিটরিং কার্যক্রম চালানো হয় এবং ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।
অভিযান চলাকালে আর.এ. খান রোডের শৈশব ফ্যাশন হাউজে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। দেখা যায়, দোকানটিতে ডিসকাউন্ট ঘোষণা করা হলেও পণ্যের গায়ে নির্দিষ্টভাবে ছাড়ের হার উল্লেখ করা হয়নি। এছাড়া কিছু পণ্যে অতিরিক্ত ভ্যাট আদায় করা হলেও পণ্যের গায়ে সেই অতিরিক্ত ভ্যাটের তথ্য উল্লেখ ছিল না। এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
একই সময়ে আর.এ. খান রোডের VERO ফ্যাশন হাউজেও তদারকি করা হয়। সেখানে মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রদর্শন এবং ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যথাযথ মানের পণ্য সরবরাহ না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। বিষয়টি ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১৫,০০০ টাকা জরিমানা আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী। এ সময় কুষ্টিয়া সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন। এছাড়া অভিযানের সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি টিম এবং র্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল দায়িত্ব পালন করে।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষা, প্রতারণা ও অনিয়ম প্রতিরোধ এবং ব্যবসা প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং পণ্যের সঠিক তথ্য প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়।



















