close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে হামলা, আহত অন্তত ১০

mdzasimuddin avatar   
mdzasimuddin
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা:

 

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নির্বাচনী উত্তেজনার মধ্যে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আইউবীর সমর্থনে সালদৈ বাজার এলাকায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের একটি মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে বাজারে অবস্থিত জামায়াতের নির্বাচনী অফিসের সামনে হঠাৎ করে বিএনপির কিছু নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলাকারীরা নির্বাচনী অফিসে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি জামায়াতের এক কর্মীর দোকানেও হামলা করে মালামাল লুটপাট করে বলে দাবি করা হয়েছে। এতে ঘটনাস্থলে অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সহকারী কমিশনার (ভূমি)সহ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান নেন।

ঘটনার পরপরই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মাওলানা শেফাউল, উপজেলা আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা এবং সহকারী সেক্রেটারি ইমতিয়াজ হোসেন বকুলসহ দলটির শীর্ষ নেতারা ঘটনাস্থলে যান। তারা উত্তেজিত নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

এদিকে, জামায়াত মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী ফেসবুক লাইভে এসে নেতাকর্মী ও সমর্থকদের সংযম বজায় রাখার আহ্বান জানান। তিনি সবাইকে কোনো উসকানিতে পা না দেওয়ার অনুরোধ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার কথা বলেন।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বাজারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দ্রুত জব্দ করার আহ্বান জানিয়ে বলেন, ভিডিও ফুটেজে হামলাকারীদের পরিচয় স্পষ্টভাবে পাওয়া যাবে। প্রকৃত ঘটনা যেন কোনোভাবেই আড়াল না হয়, সে বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা যারা করছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান তিনি।

没有找到评论


News Card Generator