নাফিজ আহমেদ,রাজবাড়ী প্রতিনিধি: দেশে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ীর কালুখালীতে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কালুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
আজ শনিবার (৭ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন শোভা পায়।
র্যালি শেষে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে কালুখালীর বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে নানামুখী কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন— কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলাম সবুজ, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান এবং জনস্বাস্থ্য কর্মকর্তা রিপন কুমার শীল।
এছাড়াও উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খাঁন, মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম সরদার, মদাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিকসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। নিজেদের বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সবসময় সতর্ক থাকতে হবে। প্রত্যেকের সম্মিলিত ও সচেতন উদ্যোগের মাধ্যমেই একটি ডেঙ্গুমুক্ত সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।