যশোরের চৌগাছায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনি: চিকিৎসাধীন অবস্থায় ‘চোরের’ মৃত্যু..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
যশোরের চৌগাছায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনি: চিকিৎসাধীন অবস্থায় ‘চোরের’ মৃত্যু..
যশোরের চৌগাছায় গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে আলমগীর হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (২২ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
নিহত আলমগীর হোসেন চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২১ মার্চ) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে চৌগাছা উপজেলার ৯নং স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের ফজলুর রহমানের বসতবাড়ির গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন আলমগীর। এসময় গরুর পায়ের শব্দে মালিক ফজলুর রহমানের ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। আলমগীর গরু ফেলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা চারদিক থেকে ঘিরে তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।
 
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশের মোবাইল ডিউটি ইনচার্জ পিএসআই সবুজ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আলমগীরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুপুর ১টা ৪৫ মিনিটে তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
 
চৌগাছা থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

No comments found


News Card Generator