বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে। পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার ১নং ধানসাগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রতিয়া রাজাপুর গ্রামের রবিন ঢালী (৪৫) ও তার প্রতিবেশী মোঃ সোবহান হাওলাদার (৬০)-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে পূর্বে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এমনকি উক্ত জমি নিয়ে আদালতে দেওয়ানি মামলাও চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৪ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে সোবহান হাওলাদার তার পরিবারের সদস্য ও স্থানীয় কিছু লোকজনকে সঙ্গে নিয়ে রবিন ঢালীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় টিনশেড বসতবাড়ির কিছু অংশ ভাঙচুর করা হয়। হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় রবিন ঢালী বাদী হয়ে সোবহান হাওলাদারসহ ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি (নং-৩, তারিখ-০৫ মে ২০২৬) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪/৫ ধারায় রুজু করা হয়েছে।