বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিয়াঘাটা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের ভট্ট বালিয়াঘাটা নামক এলাকায় ট্রাক ও যাত্রীবাহী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।বুধবার (২০ মে) সকাল সাড়ে নয়টার দিকে বাগেরহাট সদর উপজেলার খানপুরের ভট্ট বালিয়াঘাটা নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি মোটরসাইকেলে তিন আরোহী ভট্ট বালিয়াঘাটা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক কাদের ফারাজী ঘটনাস্থলে নিহত হয় এবং মুমূর্ষ অবস্থায় অন্য দুইজনকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতারা হলেন– বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভবনা এলাকার বাসিন্দা মোটরসাইকেলচালক কাদের ফারাজী (৫০), মোংলা বন্দরে কর্মরত জাহাজ চালক মোরেলগঞ্জ উপজেলার বাহাদুর শিকদার (৪৫) এবং একই এলাকার মনির হোসেন (৪৮)। এ বিষয়ে কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, সড়ক দুর্ঘটনার শিকার দুই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়।



















