জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
পিরোজপুরের জিয়ানগর উপজেলায়

শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বহুল প্রতীক্ষিত এই ফাইনালকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নাজিরপুর ফুটবল একাদশ এবং মর্নিং ক্লাব মোংলা ফুটবল একাদশ। খেলা শুরুর আগ থেকেই মাঠে দর্শকদের ঢল নামে, বিকেলের পর পুরো মাঠ ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক কৌশলে খেলতে থাকে। নির্ধারিত সময়ে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে উভয় দল ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানেও চলে স্নায়ুচাপের লড়াই। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে নাজিরপুর ফুটবল একাদশ।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নাজিরপুর দলের খেলোয়াড় শুভ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

খেলা শেষে পুরস্কার বিতরণ ও বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলু এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা।

نظری یافت نشد


News Card Generator