ঝালকাঠির কাঁঠালিয়ায় বালু বোঝাই ট্রলি উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠির কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি উল্টে জাহিদুল ইসলাম (৩০) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

​মো ইমরান মুন্সি

জেলা প্রতিনিধি ঝালকাঠি 

 

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বালু বোঝাই ট্রলি উল্টে জাহিদুল ইসলাম (৩০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহিদুল উপজেলার আওরাবুনিয়া এলাকার বাসিন্দা ছিলেন।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে বালু বোঝাই ট্রলি নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন জাহিদুল। দুর্ঘটনার সময় তিনি পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রলিটি ঘোরানোর চেষ্টা করছিলেন। ট্রলিটি রিভার্স গিয়ারে (পেছনের দিকে) নেওয়ার সময় হঠাৎ পেছনের চাকা রাস্তার পাশে থাকা বালুর স্তূপে দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ অস্বাভাবিকভাবে উপরের দিকে উঠে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে ছিটকে পড়ে যান। এ সময় বিদ্যালয়ের লোহার গেটের সঙ্গে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে।

​ঘটনার পরপরই স্থানীয়রা জাহিদুলকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সকাল ৯টা ২০ মিনিটে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

​একজন কর্মঠ মানুষের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের মাঝে চলছে আহাজারি।

No se encontraron comentarios


News Card Generator