close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জামায়াত প্রার্থীর অভিযোগের প্রতিবাদে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন..

Maishatul Jannah Moume avatar   
Maishatul Jannah Moume
****

বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম মনি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতানের অভিযোগ প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে জামায়াতের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে বিএনপির আগের অভিযোগের বিষয়টি তুলে ধরেন।

 

সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম মনি বলেন, তিনি পূর্বে তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সবসময় আইন মেনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন। তার বিরুদ্ধে এর আগে কখনো কোনো গুরুতর অভিযোগ ওঠেনি বলেও তিনি দাবি করেন।

 

তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি বরগুনা-২ আসনে বহিরাগতদের বোরকা পরিহিত অবস্থায় নির্বাচনী এলাকায় প্রবেশ এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।

 

নুরুল ইসলাম মনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করে নির্বাচনের আগে অর্থ পাঠানোর ব্যবস্থা করছে। এ ধরনের অবৈধ লেনদেন বন্ধে নির্বাচনের সময় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, জামায়াত সমর্থিত একটি সাইবার টিম ভুয়া আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে ‘পাথরঘাটা ডটকম’ নামের একটি পেজ থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

 

এ সময় তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী ও তাদের সমর্থনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী নির্বাচনী এলাকায় প্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

 

নুরুল ইসলাম মনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের দিন দুপুর ১২টার মধ্যেই ভোটগ্রহণ শেষ করে কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভোট গণনার সময় কিছু কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অপচেষ্টাও হতে পারে বলে তিনি অভিযোগ করেন।

 

এসব বিষয়ে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও বিদ্যুৎ বিভাগকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বরগুনা সদর ও মঠবাড়িয়া উপজেলায় জামায়াত সমর্থিত ব্যক্তিরা বোরকা পরিহিত অবস্থায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে এবং কয়েকজনকে শারীরিকভাবে হেনস্থা করেছে। এ ছাড়া পুলিশ সদস্যদের সঙ্গে যোগসাজশ করে নির্বাচনী কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগও করেন তিনি। এসবের প্রমাণ হিসেবে বিভিন্ন ছবি ও তথ্য উপস্থাপন করা হয়।

 

নুরুল ইসলাম মনি বলেন, এসব কার্যক্রম নির্বাচনী আচরণবিধি ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

 

সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন ও প্রশাসন সক্রিয় ভূমিকা রেখে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator