ইরানে আন্দোলনকারীদের ফাঁসি দিলেই ‘কঠোর পদক্ষেপ’: ট্রাম্পের হুঁশিয়ারি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
তিনি বলেন, ‘‘আমি নানা সংখ্যা শুনছি। দেখুন, একটি মৃত্যুও অনেক বেশি। কিন্তু কোথাও কম সংখ্যা শুনছি, আবার কোথাও অনেক বেশি।..

ইরানে চলমান সরকারবিরোধী গণআন্দোলন দমনে কর্তৃপক্ষ যদি আটককৃতদের ফাঁসি কার্যকর করা শুরু করে, তবে যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে ‘খুব শক্ত প্রতিক্রিয়া’ দেখাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই সতর্কবার্তা উচ্চারণ করেন। বুধবার থেকে ইরানে ফাঁসি কার্যকর শুরু হতে পারে—এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘তারা যদি এমন কিছু করে, তবে আমরা কঠোর পদক্ষেপ নেব।’’

ভিডিও বার্তা ও মিশিগান সফর অনলাইনে প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘‘তারা (ইরান সরকার) হাজার হাজার মানুষকে হত্যা করা শুরু করেছে। আর এখন ফাঁসির কথা বলছে। তাহলে দেখা যাক, এর পরিণতি তাদের জন্য কেমন হয়।’’

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি উৎপাদন কারখানা পরিদর্শন এবং অর্থনীতি নিয়ে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার আগের বার্তার পুনরাবৃত্তি করে আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘‘সহায়তা আসছে।’’

মৃত্যুর সংখ্যা ও গোয়েন্দা ব্রিফিং ইরানে বিক্ষোভে প্রকৃত মৃত্যুর সংখ্যা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমি নানা সংখ্যা শুনছি। দেখুন, একটি মৃত্যুও অনেক বেশি। কিন্তু কোথাও কম সংখ্যা শুনছি, আবার কোথাও অনেক বেশি।’’

পরে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি শিগগিরই ইরান পরিস্থিতি নিয়ে একটি গোয়েন্দা ব্রিফিং পাবেন। তিনি বলেন, ‘‘হত্যাকাণ্ডের মাত্রা বড় বলেই মনে হচ্ছে, তবে এখনো নিশ্চিতভাবে জানি না। ২০ মিনিটের মধ্যেই জানব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’’

উল্লেখ্য, এর আগেও ট্রাম্প বলেছিলেন যে বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। বিশ্লেষকদের মতে, প্রাণহানির ঘটনা ঘটায় সেই সীমা ইতোমধ্যেই অতিক্রম করা হয়েছে।

সূত্র: আল অ্যারাবিয়া

No comments found


News Card Generator