close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

হবিগঞ্জে সাংবাদিক পর্যবেক্ষক কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জে সাংবাদিক পর্যবেক্ষক পরিচয়পত্র বিতরণকে কেন্দ্র করে পেশাদার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই অপ্রাতিষ্ঠানিক ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কিছু ব্যক্তিকে কার্ড দেওয়া হয়েছে—এমন অভিযোগ উঠেছে।
জেলার মূলধারার সংবাদকর্মীদের দাবি, দীর্ঘদিন মাঠপর্যায়ে কর্মরত ও স্বীকৃত সংবাদমাধ্যমে যুক্ত অনেক সাংবাদিক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েও পর্যবেক্ষক কার্ড পাননি। এতে কার্ড বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্ড বিতরণে সমন্বয়হীনতা ও তথ্য বিভ্রাট লক্ষ্য করা গেছে। কিছু ক্ষেত্রে স্বীকৃত গণমাধ্যমের প্রতিনিধিরা ভিন্ন ও অখ্যাত প্রতিষ্ঠানের নামে পরিচয়পত্র পেয়েছেন, যা সাংবাদিকদের মধ্যে বিরক্তি সৃষ্টি করেছে।
এ বিষয়ে দৈনিক ইনকিলাবের শায়েস্তাগঞ্জ সংবাদদাতা সৈয়দ ফখর উদ্দিন শাকিল জানান, তিনি নির্ধারিত সব কাগজপত্র জমা দিয়ে রিসিভ কপি গ্রহণ করলেও কোনো ব্যাখ্যা ছাড়াই তাঁকে পর্যবেক্ষক কার্ড দেওয়া হয়নি।
সাংবাদিকদের মতে, পর্যবেক্ষক কার্ড একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের স্বীকৃতি। অপেশাদারদের হাতে এই দায়িত্ব তুলে দিলে মাঠপর্যায়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং নির্বাচনী তথ্যের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় কার্ড বিতরণে কোন মানদণ্ড অনুসরণ করা হয়েছে, তা স্পষ্ট করে জানানো এবং প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যাখ্যা দাবি করেছেন হবিগঞ্জের সাংবাদিকরা।

نظری یافت نشد


News Card Generator