গলাচিপা (পটুয়াখালী) থেকে রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গোলাচিপা সরকারি কলেজ প্রাঙ্গণে শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) থেকে শুরু হয়েছে। কর্মশালা সকাল ০৯:০০টা থেকে বিকাল ০৫:০০টা পর্যন্ত পরবর্তী দুই দিন (২ ফেব্রুয়ারি) পর্যন্ত বিভিন্ন ব্যাচে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণে ভোটগ্রহণ-সম্পর্কিত আইন, বিধিমালা, ব্যালট ও ইভিএম ব্যবস্থাপনা, ভোট কেন্দ্র পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং দায়িত্ব ও করণীয় বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ব্যাপক ও বাস্তবভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী কর্মকর্তারা দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির প্রশংসা করেন।
আজ কর্মশালার উদ্বোধনী দিনে আকস্মিকভাবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, যিনি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করে কেন্দ্রীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দক্ষ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন গ্রহণে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান। একই সময় বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মনজুর মোরশেদ আলমও ছিলেন উপস্থিত।
প্রশিক্ষণে অংশ নেয়া কর্মকর্তারা জানান, এই কর্মশালা তাদের দায়িত্ব পালনে বাস্তবিক জ্ঞান ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভোটগ্রহণের সময় নিরপেক্ষতা ও সততা নিশ্চিত করতে সহায়ক হবে।



















