গাইবান্ধায় প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব আয়োজন করতে যাচ্ছে ‘কথাচিত্র গাইবান্ধা’। জেলার সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করা এবং সৃজনশীল চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
আয়োজক সূত্রে জানা গেছে, সামাজিক ও মূল্যবোধভিত্তিক গল্প নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে অংশগ্রহণের জন্য চলচ্চিত্র জমা নেওয়া শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত)।
১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চলচ্চিত্রগুলোর প্রাথমিক বাছাই ও বিচার কার্যক্রম চলবে। ১৪ এপ্রিল (১ বৈশাখ) শর্টলিস্টভুক্ত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে। এরপর ৮ ও ৯ মে ২০২৬ তারিখে নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনী, বিজয়ী ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে চলচ্চিত্রের দৈর্ঘ্য হতে হবে ১০ থেকে ৪০ মিনিট। ২০২৪ সালের পর নির্মিত এবং পূর্বে ফেসবুক, ইউটিউব কিংবা কোনো ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হয়নি—এমন মৌলিক চলচ্চিত্রই জমা দেওয়া যাবে। ভাষা বাংলা হতে হবে; আঞ্চলিক ভাষার ক্ষেত্রে বাংলা বা ইংরেজি সাবটাইটেল বাধ্যতামূলক। কারিগরি দিক থেকে ন্যূনতম ফুল এইচডি (১৯২০×১০৮০) রেজোলিউশন এবং MP4 বা MOV ফরম্যাট নির্ধারণ করা হয়েছে।
চূড়ান্তভাবে নির্বাচিত বিজয়ীদের জন্য থাকবে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ পুরস্কার। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ মোট ১০টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।
চলচ্চিত্র জমা দিতে গুগল ড্রাইভে আপলোড করা লিংকসহ প্রয়োজনীয় তথ্য ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। প্রতিযোগিতার যেকোনো পর্যায়ে বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বিস্তারিত তথ্যের জন্য ইমেইল kothacitrafilmfestival@gmail.com অথবা মোবাইল নম্বর ০১৬০৯-৫৪৭৪৩৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Комментариев нет



















