আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তালা খুলে কার্যালয়ে প্রবেশ করে কিছু সময় অবস্থান করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে কার্যালয়ের সামনে এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং কিছুক্ষণ সেখানে অবস্থান করেন।
এসময় দিনাজপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বিথী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ নূরনবী বলেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা বিষয়টি তদন্ত করছেন। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















