মো: সোহেল রানা দীঘিনালা (খাগড়াছড়ি),
শীতার্ত ও অসহায় জনপদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ি দীঘিনালা বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সোমবার (১২ জানুয়ারি) সকালে থেকে শুরু করে দীঘিনালা উপজেলার দুইটি ইউনিয়নের ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠ ও কবাখালী আল আমিন বারীয়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি পালন করা হয়। শীতের তীব্রতায় ভোগান্তিতে থাকা পাহাড়ি ও বাঙালি অসহায় পরিবারের মাঝে বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি উপস্থিত থেকে সাড়ে ৩শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। একইসঙ্গে বাবুছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন, এএমসি’র নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাড়ে ৪শতাধিক জন অসহায় ও দুস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এসময় বিজিবি কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধি কার্বারী(গ্রাম প্রধান) ও জনসাধারণের উপস্থিতিতে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে একটি জনসচেতনতামূলক সভা করেন। সভায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক এই উদ্যোগের জন্য বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে ৭বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করে আসছে। দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিজিবি জনগণের পাশে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীঘিনালা উপজেলার ভোটকেন্দ্রগুলোতে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।