ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু-কে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ৪নং ধীতপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে সমবেত হয়। এ সময় দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ধীতপুরসহ ভালুকার সার্বিক উন্নয়নে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং এলাকার অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থান উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
তারা বক্তব্যে বলেন, দলকে সুসংগঠিত করতে শ্রমিক দল মাঠে সক্রিয় রয়েছে এবং আগামী দিনে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।



















