ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি বিরল রাজনৈতিক মাইলফলক তৈরি হয়েছে। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ আসনেই জয়লাভ করেছেন রাউজান উপজেলার গহিরা গ্রামের তিন কৃতী সন্তান। তারা তিনজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে ওই গ্রামে আনন্দের বন্যা বইছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সচরাচর একই গ্রাম থেকে তিনজনের একযোগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এমন দৃশ্য দেখা যায় না।
তিন বিজয়ী প্রার্থী ও তাদের ফলাফল
-
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (চট্টগ্রাম-৬, রাউজান): বিএনপির এই জ্যেষ্ঠ নেতা ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইলিয়াছ নূরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ১৪৬ ভোট। আর জামায়াতে ইসলামীর মো. শাহাজাহান মঞ্জু ২২ হাজার ১১৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
-
হুম্মাম কাদের চৌধুরী (চট্টগ্রাম-৭, রাঙ্গুনিয়া): গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ভাতিজা এবং প্রয়াত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ১ লাখ ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৩৯ হাজার ৪৮৫ ভোট। চাচা-ভাতিজার এই যুগপৎ বিজয়ে গহিরা গ্রামের মানুষের আনন্দ দ্বিগুণ হয়েছে।
-
সাঈদ আল নোমান (চট্টগ্রাম-১০, ডবলমুরিং-হালিশহর-খুলশী): শহরের এই গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচিত হয়েছেন গহিরা গ্রামের আরেক সন্তান সাঈদ আল নোমান। বিএনপির প্রয়াত জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট।
একই গ্রাম থেকে তিনজন নির্বাচিত হওয়ায় পুরো রাউজান ও গহিরা এলাকাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।