যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (০২ মার্চ ২০২৬) সন্ধ্যা ১৮:৫৭ ঘটিকার সময় চৌগাছা-বাগারদাড়ি সড়কের দামোদর বটতলার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— উপজেলার স্বরুপদাহ গ্রামের আমিনুর রহমানের ছেলে মারুফ (২৬), কংশারিপুর গ্রামের সনাতনের ছেলে মিঠুন (৩০), মিঠুনের স্ত্রী ইতি (২২) এবং পলাশের ছেলে শিশু ইশান (০৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মারুফ তার লাল রঙের একটি ১৫০ সিসি মোটরসাইকেলে (খুলনা-ল-১১-৫৪৫৫) চৌগাছা থেকে বাগারদাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দামোদর বটতলার মোড়ে জনৈক হামজার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক (বাগারদাড়ি) থেকে আসা মিঠুন, ইতি ও ইশানকে বহনকারী নীল রঙের একটি এ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেলের (যশোর-ল-১৩-৬৯৫৮) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুটি মোটরসাইকেলই দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা রাস্তার ওপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত চারজনের অবস্থাই বর্তমানে আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে।
No comments found



















