close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বরিশাল–২ আসনে নির্বাচনী উত্তাপ, বরাকোঠায় বিএনপির উঠান বৈঠকে জনসমাগম..

Fardin Niaz avatar   
Fardin Niaz
****

বরিশাল–২ আসনে নির্বাচনী উত্তাপ, বরাকোঠায় বিএনপির উঠান বৈঠকে জনসমাগম

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশাল–২ আসনের রাজনীতিতে বাড়ছে উত্তাপ। গ্রামে পাড়ায় মহল্লায় শহরে, উঠান বৈঠক ও জনসমাগমের সবখানেই এখন আলোচনা ভোট ও নির্বাচনে কারা এবার জিতবে। এই প্রেক্ষাপটে উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকায় সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির ধানের শীষ প্রতীকের সমর্থনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি দ্রুত বড় জনসমাবেশে রূপ নেয়। নারী-পুরুষ, তরুণ ও প্রবীণদের উপস্থিতিতে বৈঠকের স্থান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ধানের শীষের পক্ষে স্লোগান, করতালি ও সমর্থনের ঘোষণায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

উঠান বৈঠকে বক্তব্য দেওয়া বিএনপি নেতারা বলেন, দীর্ঘ সময় পর সাধারণ মানুষের মধ্যে ভোটকেন্দ্রিক আগ্রহ ও অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাদের দাবি, বরিশাল–২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে সুস্পষ্ট জনসমর্থন তৈরি হয়েছে এবং আসন্ন নির্বাচনে ভোটাররা বিএনপিকে ভোট দিতে প্রস্তুত রয়েছেন।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল–২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি তার বক্তব্যে বিএনপির অতীত রাজনৈতিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় দলের ভূমিকার কথা তুলে ধরেন।

সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতেই বিএনপি নির্বাচনের মাঠে রয়েছে।

তিনি উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। একই সঙ্গে ভোটের দিন ভোটকেন্দ্র পাহারায় সচেতন ও সংগঠিত থাকার আহ্বান জানান তিনি।

উঠান বৈঠকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে এবং মাঠের পরিস্থিতি বিবেচনায় তারা বিজয়ের বিষয়ে আশাবাদী।

নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক উঠান বৈঠকের মাধ্যমে বরিশাল–২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত আরও জোরালো হচ্ছে বলে দাবি করেন বিএনপি নেতারা।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৬নং বরাকোঠা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খোকন।

এছাড়াও উঠান বৈঠকে বিশেষ ভূমিকা পালন করেন উজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক: আওসাফ আহমেদ অনিক। 

لم يتم العثور على تعليقات


News Card Generator