বরগুনায় ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে ধানের শীষ সমর্থকের ওপর হামলার অভিযোগ..

Maishatul Jannah Moume avatar   
Maishatul Jannah Moume
****

বরগুনার তালতলী উপজেলায় ভোট চাওয়াকে কেন্দ্র করে এক ধানের শীষ সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ স্লোগান দেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

হামলায় আহত মো. কালু (৪৫) ছোনখোলা গ্রামের মৃত আব্দুল আজীজের ছেলে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তালতলী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোনাকাটা ইউনিয়নের ছোনখোলা এলাকার বাসিন্দা নান্টুর পরিবার আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তারা হাতপাখা প্রতীকের পক্ষে কাজ করছেন। এ নিয়ে এলাকায় ভোট চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য কালুর ওপর চাপ সৃষ্টি করা হয়। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেবেন বলে জানালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

 

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে নান্টু (৪০) ও তার দুই ছেলে রাকিব (২২) এবং সজিব (১৯) স্লোগান দিতে দিতে কালুর ওপর অতর্কিত হামলা চালায়। মারধরের একপর্যায়ে কালু গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

তালতলী সরকারি হাসপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার সব্যসাচী দাস সানি জানান, আহত ব্যক্তির মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নান্টুর ছেলে রাকিব বলেন, তাদের পরিবার কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। তিনি নিজেকে সোনাকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য দাবি করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে তার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলেও দাবি করেন।

 

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ঘটনার কথা শুনেছেন, তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No se encontraron comentarios


News Card Generator