কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বরগুনা শহরের শেরেবাংলা সড়কে অবস্থিত আওয়ামী লীগের অফিসে পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়।
অনুসন্ধানে জানা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের নেতা ফাহাদ হাসান তানিম কয়েকজনকে নিয়ে আওয়ামী লীগের অফিসে পতাকা উত্তোলনের একটি ভিডিও তার নিজ ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিও টাঙাতে দেখা যায়। এর পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, তাঁরা দোকান খুলেছেন সকাল ৮টার দিকে। এসেই তাঁরা পতাকাটি দেখতে পান। যারা পতাকা উত্তোলন করেছে তারা হয়তো খুব সকালে এ কাজ করেছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম বলেন, "অতি গোপনে আওয়ামী লীগের কার্যালয়ে ছবি টাঙানো ও পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগের কিছু সদস্য, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা এ কাজ করেছে তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।"
উল্লেখ্য, ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বরগুনা আওয়ামী লীগের কার্যালয়ে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল বলে জানা যায়। এর আগে জাতীয় নির্বাচনের পরপরই বেতাগীতে আওয়ামী লীগের অফিস খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙিয়েছিল ছাত্রলীগ।



















