ফরিদপুরের বোয়ালমারীতে রেলে কেটে এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত বৃদ্ধার নাম আনজিরা বেগম (৬০)। তিনি আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্লার স্ত্রী। বোয়ালমারীতে ছেলের সাথে ৩ বছর যাবত তিনি ভাড়াবাড়িতে বসবাস করতেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে বোয়ালমারী পৌরসভার চতুল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের ছেলে আনিসুর রহমান জানান- তার মা কিছুটা শ্রবণ প্রতিবন্ধী ছিলো। রেল সড়কের পাশে বাঁশের আড়ায় তিনি কাপড় শুকাতে দিয়েছিল। ঘটনার আগ মূহুর্তে তিনি কাপড় আনতে গিয়ে ফেরার পথে ভাটিয়াপাড়া এক্সপ্রেসের নিচে পড়ে কাটা পড়েন।
স্থানীয়রা জানান - ঘটনাস্থলের কাছাকাছি রেলসড়কের একটি বাঁক থাকায় বৃদ্ধা ট্রেন আসা দেখতে পারেন নাই। আর কানে কম শোনার কারণে শব্দও শুনতে না পেয়ে দুর্ঘটনা কবলিত হয়। দুই সন্তানের জননী বৃদ্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল গ্রামের মো. আব্দুর রহমান বিশ্বাসের বাড়িতে ছেলের সাথে ভাড়াবাড়ীতে থাকতেন।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আনোয়ার হোসেন জানান - এটি রেলওয়ে পুলিশের এক্তিয়ারধীন। তাদেরকে বিষয়টি জানানো হয়েছে।
রাজবাড়ি রেলওয়ে পুলিশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান- খবর পেয়ে আমাদের লোক ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।