close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বিপুল ভোটে ধানের শীষ প্রার্থী মাজেদ বাবু ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয়..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বড় জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। একইসঙ্গে আসনটিতে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়লাভ করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান। 

নির্বাচনে সাবেক দুই সংসদ সদস্য ও হেভিওয়েট প্রার্থীদের পরাজিত করে লুৎফুল্লাহেল মাজেদ বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু (বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১লক্ষ ৭হাজার ৫শ ৭৭ভোট, ড. আওরঙ্গজেব বেলাল (এলডিপি-১১ দলীয় জোট) ছাতা প্রতীকে পেয়েছেন ৪৫হাজার ৭শ ৯১ভোট, শাহ্ নুরুল কবির শাহিন (ইসলামী আন্দোলন) হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩২হাজার ৭শ ৩৪ ভোট ও ফখরুল ইমাম (জাতীয় পার্টি) লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১১হাজার ৭শ ১৯ ভোট।

নির্বাচনে মোট কাস্ট হওয়া ভোটের সংখ্যা ১লক্ষ ৯২হাজার ৬শ ৩২টি। তন্মধ্যে ৪ হাজার ৮শ ১১টি ভোট বাতিল হয়েছে। আসনটিতে ভোট প্রদানের হার ছিল ৫৫.৭১%। 

সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত গণভোটেও ঈশ্বরগঞ্জবাসী ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছেন। বিশাল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এলাকাটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১লক্ষ ১৪হাজার ৬শ ৬টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৬হাজার ২৮টি, তন্মধ্যে বাতিল ভোট পড়েছে ৩১হাজার ৬শ ৮৮টি। ৬৮হাজার ৫শ ৭৮ ভোট বেশী পেয়ে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে এবং ভোটের হার ছিল ৫৫.৬৩%।

ফলাফল ঘোষণা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান বলেন, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে সংসদ নির্বাচন ও গণভোট অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুন্দর এই নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের ভূমিকা ছিল খুবই প্রশংসনীয়। 

বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ঈশ্বরগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। আমি ভোটারদের প্রতি চিরকৃতজ্ঞ। অবহেলিত এই জনপদের ভাগ্য উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করব এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।

ঈশ্বরগঞ্জের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯২টি কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। মোট ৩ লাখ ৪৫ হাজার ৭৪৬ জন ভোটারের এই আসনে দিনভর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

No comments found


News Card Generator