close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভোটাধিকারের ও গণতন্ত্রের ট্রেন ১২ ফেব্রুয়ারিতে গন্তব্যে পৌঁছাবে—মির্জা মোস্তফা জামান..

Juwel Hossain avatar   
Juwel Hossain
****

“ভোটাধিকারের ও গণতন্ত্রের ট্রেন আগামী ১২ ফেব্রুয়ারিতে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে—ইনশাআল্লাহ।” এ মন্তব্য করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে উপজেলার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি এলাকায় মহিলা ভোটারদের নিয়ে আয়োজিত নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

মির্জা মোস্তফা জামান বলেন, “দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক লড়াই নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রকে বিজয়ী করবে।”

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। নারী ভোটারদের অংশগ্রহণ ছাড়া কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নারীরা পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে তিনি বলেন, “এই নির্বাচনে নারীদের ভোটই হবে গণতন্ত্র ফিরিয়ে আনার অন্যতম প্রধান শক্তি।”

এ সময় তিনি বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র রাজনৈতিক অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও এলাকার উন্নয়নে তার ভূমিকার কথা তুলে ধরে বলেন, টুকু একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করতে সকল নারী ভোটারকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনী প্রচারণাকালে উপস্থিত নারী ভোটারদের উদ্দেশে তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং যেকোনো ধরনের ভয়ভীতি বা বাধার মুখে পড়লে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলেন।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেত্রীবৃন্দসহ বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator