যশোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফারাজী তার নির্বাচনী ইশতেহারে এলাকার দীর্ঘদিনের দুইটি প্রধান সমস্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ইশতেহারের মূল অঙ্গীকার হিসেবে তিনি ভবদাহ এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং নওয়াপাড়া অঞ্চলের যানজট নিরসনের ঘোষণা দিয়েছেন।
ইশতেহারে উল্লেখ করা হয়, ভবদাহ অঞ্চলের জলাবদ্ধতা বছরের পর বছর ধরে জনজীবন, কৃষি ও অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা, খাল পুনঃখনন ও টেকসই ড্রেনেজ পরিকল্পনার মাধ্যমে এই সংকট থেকে এলাকাবাসীকে মুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি।
এছাড়া নওয়াপাড়া জংশনসহ আশপাশের এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে বিকল্প প্রশস্ত সড়ক ও বড় সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন মতিয়ার রহমান ফারাজী। এসব সড়ক বাস্তবায়িত হলে নওয়াপাড়া বন্দরকেন্দ্রিক যান চলাচল সহজ হবে বলে তিনি জানান।
মতিয়ার রহমান ফারাজী বলেন, “ভবদাহ জলাবদ্ধতা ও নওয়াপাড়ার যানজট এই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ। নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী ও বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তার এই অঙ্গীকার স্থানীয় ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।



















