ভালুকায় ‘ওপেন ভোট’ অভিযোগে প্রশাসনকে ৩০ মিনিটের আল্টিমেটাম ডা. জাহিদুল ইসলামের..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
কিছু কেন্দ্রে ভোটারদের গোপনীয়তা নিশ্চিত হচ্ছে না এবং কেন্দ্রের ভেতর-বাইরে অস্বাভাবিক জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে।..
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ভোটগ্রহণ চলাকালে কয়েকটি কেন্দ্রে ‘ওপেন ভোট’ দেওয়ার অভিযোগ তুলে প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. জাহিদুল ইসলাম। 
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এ অভিযোগ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
 
তার ভাষ্য, কিছু কেন্দ্রে ভোটারদের গোপনীয়তা নিশ্চিত হচ্ছে না এবং কেন্দ্রের ভেতর-বাইরে অস্বাভাবিক জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ওপেন ভোট দেওয়ার কালচার কি শুরু হয়ে গেছে? একই সঙ্গে প্রশাসনের উদ্দেশে বলেন, আগামী ৩০ মিনিটের মধ্যে উপজেলার ১০৭টি ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে যত অতিরিক্ত জনসমাগম রয়েছে তা নিয়ন্ত্রণ করতে হবে।
 
ডা. জাহিদুল ইসলাম আরও বলেন, নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে কঠোর নজর দিতে হবে। যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, কাউকে একচুলও ছাড় দেওয়া হবে না, এমন সতর্কবার্তাও দেন তিনি।
 
তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকটি কেন্দ্রে প্রার্থীপক্ষের সমর্থকদের উপস্থিতি নিয়ে মৌখিক অভিযোগ উঠেছে। 
 
তবে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 
এদিকে বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করতে দেখা গেছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রের ভেতরে নির্ধারিত ব্যক্তিদের বাইরে অন্য কারও অবস্থান করার সুযোগ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 
উল্লেখ্য, সকাল থেকে ভালুকা উপজেলায় ভোটগ্রহণ চলছে। সার্বিক পরিবেশ শান্ত থাকলেও ‘ওপেন ভোট’ অভিযোগ নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে নির্বাচনী মাঠে।
Комментариев нет


News Card Generator