ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ ভালুকা আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. জাহিদুল ইসলাম নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি উপজেলার একাধিক কেন্দ্র ঘুরে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
কেন্দ্র পরিদর্শনকালে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
তিনি আরও বলেন, ভোট একটি পবিত্র আমানত। তাই সবাইকে পরিবার-পরিজন নিয়ে ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোট প্রদান করার আহ্বান জানান তিনি। আপনার মূল্যবান ভোটের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নির্ধারিত হবে। তাই কোনো প্রকার ভয়ভীতি বা বিভ্রান্তিতে না পড়ে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন, যোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করতে দেখা গেছে। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ও নারী ভোটারদের আলাদা লাইনে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়।
উল্লেখ্য, সকাল থেকেই ভালুকা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অনিয়ম বা সহিংসতার খবর পাওয়া যায়নি।



















