শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার মহিপুর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। একই রাতে পৃথক আরও দুটি দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, চান্দাইকোনা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে বের হওয়ার সময় আহসান হাবিব রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন।
এ সময় তিনি একটি ট্রাক থামান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি আহসান হাবিবের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, ঘাতক বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে রাত ৯টার দিকে গাড়িদহের দশমাইল এলাকায় তিনটি যানের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত নাজমুল হক শুভ (২৮) বর্তমানে ঢাকার শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
এ ছাড়া একই দিন রাত ১টার দিকে হামছায়াপুর এলাকায় সড়ক পারাপারের সময় খাদিজা খাতুন (৩৯) নামে এক নারী প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই মোরতাজা নুর জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।



















