নওগাঁর বদলগাছী উপজেলায় বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় এক নারীকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৯ মার্চ) সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২নং আসামি রিনা পারভীন (৪৪)-কে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। মামলার প্রধান আসামি ও তার স্বামী এনামুল হক বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
মামলার অন্য আসামিরা হলেন—এনামুল হক (৪৪) ও ছানাউল হক ছানা (৫১)। তারা নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাকলা পূর্বপাড়া এবং নওগাঁ শহরের কায়ছার লেন এলাকার বাসিন্দা।
মামলার বাদী মামুন হোসেন (২৩) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালত নং-৫ এ মামলা দায়ের করেন। ২০২৪ সালের ২৩ এপ্রিল দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গ) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলাটি রেকর্ড করা হয় (মামলা নং- সিআর ১১৯/২০২৪)।
মামলা সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সুবাদে আসামিদের সঙ্গে বাদীর সুসম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে রিনা পারভীন বাদীর কাছ থেকে টাকা নেন। প্রথমে ৩ লাখ ৮০ হাজার টাকায় চুক্তি হলেও পরবর্তীতে বিভিন্ন সময় মোট প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা গ্রহণ করা হয়।
অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পরও বাদীকে বিদেশে পাঠানো হয়নি। বরং নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয় এবং একপর্যায়ে টাকা নেওয়ার বিষয়টিও অস্বীকার করা হয়।
মামলার একপর্যায়ে আসামিরা ২ লাখ টাকা ফেরত দিয়ে বাকি অর্থ পরিশোধের লিখিত অঙ্গীকার করেন। তবে নির্ধারিত সময় পার হলেও বাকি টাকা পরিশোধ না করায় আদালত রিনা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
نظری یافت نشد



















