পটুয়াখালী-২ (বাউফল উপজেলা) আসনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার এই জয় কেবল ব্যক্তিগত বিজয় নয়; বরং এটি দীর্ঘ সময় পর সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের তীব্র আকাঙ্ক্ষার প্রতিফলন।
আপনার এই বিজয়ে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট—আপনাকে কেবল জামায়াতে ইসলামী বা জোটের নেতাকর্মীরাই ভোট দেননি, বরং এই আসনের সাধারণ মানুষ একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাউফলের প্রত্যাশায় আপনার ওপর আস্থা রেখেছেন। বিজয়ী হওয়ার পর এখন আপনি কেবল একটি দলের প্রতিনিধি নন, আপনি এই আসনের সকল ধর্ম-বর্ণ এবং দল-মত নির্বিশেষে প্রতিটি মানুষের অভিভাবক।
আপনার কাছে সাধারণ মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। বিশেষ করে তৃণমূলের রাজনীতি নিয়ে মানুষের কিছু তিক্ত অভিজ্ঞতা রয়েছে। মাঠপর্যায়ের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অতীতে নানা অভিযোগ উঠেছে। আমাদের বিনীত চাওয়া—আপনি আপনার নেতৃত্বের দৃঢ়তা দিয়ে তৃণমূলকে সুশৃঙ্খল করবেন। ক্ষমতার ছায়ায় যেন কোনোভাবেই অনিয়ম বা বিশৃঙ্খলা প্রশ্রয় না পায়, সেদিকে আপনার সজাগ দৃষ্টি কাম্য। বিশেষ করে হাইব্রিড, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, তাদের বিষয়ে আপনাকে অত্যন্ত সাবধান হতে হবে।
বিগত বছরগুলোতে আমরা ক্ষমতাসীনদের যে একরোখা এবং দমনমূলক আচরণ দেখেছি, তা সাধারণ মানুষকে ব্যথিত করেছে। আমরা চাই না আপনার বা আপনার কর্মীদের আচরণে সেই বিগত আমলের শাসন ব্যবস্থা ও সংস্কৃতির পুনরাবৃত্তি ঘটুক। ভিন্নমত এবং বিরোধী রাজনীতি গণতন্ত্রের প্রাণ। যারা আপনার রাজনৈতিক আদর্শের সাথে একমত নন, তাদের প্রতিও যেন আপনাদের আচরণ হয় সম্মানজনক এবং সহনশীল। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে পটুয়াখালী-২ আসনকে সহাবস্থান ও সম্প্রীতির মডেলে পরিণত করা আমাদের প্রধান চাওয়া।
আপনার আসনের জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনসমূহের ইউনিয়ন কমিটিগুলো পূর্ণাঙ্গ করা এখন সময়ের দাবি। অবশ্যই দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে যারা রাজপথে ছিলেন এবং দলের জন্য চরম ত্যাগ স্বীকার করেছেন, কমিটিতে তাদেরই পদায়ন করবেন। সুবিধাবাদীদের চেয়ে ত্যাগীরাই আপনার হাতকে শক্তিশালী করবে।
প্রত্যাশা করবো, জাতীয় সংসদে আপনি এই অঞ্চলের মানুষের অভাব-অভিযোগ এবং উন্নয়নের দাবিগুলো বলিষ্ঠভাবে তুলে ধরবেন। আপনার হাত ধরে বাউফল একটি আধুনিক, নিরাপদ এবং বৈষম্যহীন জনপদে রূপান্তরিত হোক।
পটুয়াখালী-২ আসনের একজন সচেতন নাগরিক হিসেবে আপনার নতুন পথচলার শুভকামনা করছি। আপনার নেতৃত্বে বাউফল হোক ইনসাফ ও সমৃদ্ধির জনপদ।



















