বাজিতপুরে ১০ টাকার জেরে অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যা

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
বাজিতপুরে মহত্ত্বের করুণ পরিণতি: রাস্তা মেরামত করে বকশিশ চাওয়ায় অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ..

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নে তুচ্ছ ঘটনায় এক অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মাত্র ৫ থেকে ১০ টাকা পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নিহতের পরিবার।
নিহত ব্যক্তি উপজেলার কৈলাগ ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা ও খোকন মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিক্সা চালক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার চলাচলের অনুপযোগী একটি রাস্তা নিজ উদ্যোগে মাটি ও বালু ফেলে সংস্কার করেন তিনি। পরে ওই রাস্তা ব্যবহারকারী অটোরিক্সা চালকদের কাছে ৫ থেকে ১০ টাকা করে পারিশ্রমিক দাবি করলে একই এলাকার এক চালকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
স্বজনদের অভিযোগ, গত ১৯ এপ্রিল (রোববার) দুপুরে কৈলাগ ইউনিয়নের রাহেলা গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর করে। পরে বিকেলে অটোরিক্সা নিয়ে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। সন্ধ্যার দিকে উপজেলার বাংলাবাজার এলাকার একটি গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, তাকে একা পেয়ে সংঘবদ্ধভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়।
নিহত ব্যক্তি দুই সন্তানের জনক। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি আর্থিক ও মানবিক সংকটে পড়েছে।
এ ঘটনায় বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ শহিদুল্লাহ জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

No comments found


News Card Generator