close

লাইক দিন পয়েন্ট জিতুন!

১৮২ আসনে বামদের ভরাডুবি, ভোট মাত্র ০.৩৬ শতাংশ

Nezam Uddin avatar   
Nezam Uddin
নির্বাচন কমিশনের তথ্যমতে, ৩৫ আসনে তিন দলের মোট প্রাপ্ত ভোট ০.১৯ শতাংশ। নাগরিক ঐক্য ১১ আসনে ০.০১ শতাংশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ৭ আসনে ০.০৪ শতাংশ এবং গণসংহতি আন্দোলন ১৭ আসনে ০.১৪ শতাংশ ভোট পায়।..

 শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই জোটে বিভক্ত হয়ে ১৮২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাতটি বামপন্থী দল চরম ভরাডুবির মুখে পড়েছে। এসব আসনে মোট ভোটের মাত্র ০.৩৬ শতাংশ পেয়েছে তারা। জয়ী হয়েছেন মাত্র একজন প্রার্থী, আর জামানত রক্ষা করতে পেরেছেন একমাত্র আরেকজন।
বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তিনটি বাম দল— নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন। পরে নাগরিক ঐক্য পৃথকভাবে নির্বাচন করে। মোট ৩৫ আসনে এসব দলের প্রার্থীরা অংশ নেন।
এর মধ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে একমাত্র বিজয়ী হন। তবে দলের অন্যরা জামানত হারান। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক-সহ বাকিরাও জামানত রক্ষা করতে পারেননি।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ৩৫ আসনে তিন দলের মোট প্রাপ্ত ভোট ০.১৯ শতাংশ। নাগরিক ঐক্য ১১ আসনে ০.০১ শতাংশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ৭ আসনে ০.০৪ শতাংশ এবং গণসংহতি আন্দোলন ১৭ আসনে ০.১৪ শতাংশ ভোট পায়।
অন্যদিকে বিএনপির বাইরে ১০ বাম দলের জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ ১৪৭ আসনে প্রার্থী দেয়। জোটভুক্ত দলগুলোর মধ্যে নিবন্ধিত চারটি দল হলো— বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।
১৪৭ আসনে এই চার দলের মোট প্রাপ্ত ভোট ০.১৭ শতাংশ। এর মধ্যে সিপিবি ৬৩ আসনে ০.০৮ শতাংশ, বাসদ ৩৬ আসনে ০.০৫ শতাংশ, বাসদ-মার্কসবাদী ৩৩ আসনে ০.০২ শতাংশ এবং বাংলাদেশ জাসদ ১৫ আসনে ০.০২ শতাংশ ভোট পায়।
সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন নরসিংদী-৪ আসনে মাত্র ৮১৭ ভোট পান। দলটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফি রতন কুমিল্লা-৫ আসনে পান ১৮৪ ভোট। বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান পঞ্চগড়-1 আসনে ৩ হাজার ৯ ভোট পেলেও জামানত রক্ষা করতে পারেননি।
তবে ব্যতিক্রম ছিলেন ডা. মনীষা চক্রবর্তী। বরিশাল-৫ (সদর) আসনে ২২ হাজার ৪৮৬ ভোট পেয়ে তৃতীয় হয়ে তিনি একমাত্র বাম প্রার্থী হিসেবে জামানত রক্ষা করেন। তার বাইরে জোটের আর কোনো প্রার্থী পাঁচ হাজারের বেশি ভোট পাননি।
অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর সঙ্গে ১৪ দলীয় জোটে থাকা একাধিক বাম দল—যেমন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (মোজাফফর), গণতন্ত্রী পার্টি ও গণআজাদী লীগ—এবারের নির্বাচনে অংশ নেয়নি।
সব মিলিয়ে এবারের নির্বাচনে বাম রাজনীতির সংগঠনগুলো ভোটের হিসাবে উল্লেখযোগ্য উপস্থিতি দেখাতে ব্যর্থ হয়েছে।

No comments found


News Card Generator