১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের সবুজ মিয়া

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিএনপি কর্মী ও ইজিবাইক চালক সবুজ মিয়া (৩৫) ১৬ বছর পর পায়ে জুতা পড়েছেন। ২০১০ সালে থেকে ২০২৬ সাল পর্যন্ত তিনি খালি পায়ে দিনাতিপাত করেছেন।

সবুজ মিয়ার সাথে কথা বলে জানা যায়, ২০১০ সালে ফ্যাসিস্ট সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরোদ্ধে আন্দোলন করতে গিয়ে ঢাকার গাজীপুরের জয়দেবপুর এলাকায় বিএনপির একটি মিছিলে হামলায় তিনি আহত হন। এসময় তিনি পায়ের জুতা হারিয়ে ফেলেন। এঘটনার পর তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে, বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি আর পায়ে জুতা পড়বেন না। দীর্ঘ ১৬ বছর প্রতিজ্ঞায় অটল থাকার পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্টতা অর্জন করে সরকার গঠন করে।

এরপর তিনি তার প্রতিজ্ঞার কথা এলাকায় জানান দিলে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর কর্ণ গোচরীভূত হয়। পরে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু ১৭ মার্চ মঙ্গলবার রাত নয়টায় তাকে নিজ বাস ভবনে ডেকে এনে নতুন জুতা ও পাঞ্জাবী পায়জামা পড়িয়ে দিয়ে বুকে জড়িয়ে নেন।  এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ বিষয়ে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম আজ সফল হয়েছে। সবুজ মিয়ার মতো একজন কর্মীর এই অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা এমন নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে চাই।

সবুজ মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের প্রয়াত আছির উদ্দিনের ছেলে। সবুজ মিয়া বিএনপির একজন পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে এলাকায় পরিচিত। দীর্ঘ সময় খালি পায়ে চলাফেরা করতে গিয়ে তাকে নানা প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে।

সবুজ মিয়া তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, দীর্ঘদিন পরে হলেও আমার প্রিয় নেতা  লুৎফুল্লাহেল মাজেদ বাবু আমাকে জুতা পড়িয়ে দিয়ে আমার প্রতিজ্ঞার সফল বাস্তবায়ন ঘটিয়েছেন। এটা আমার জীবনের একটি আনন্দঘন মুহুর্ত। এ স্মৃতি আমার জীবনে চিরজাগরুক হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Nessun commento trovato


News Card Generator