কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিনে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী (৩৪) নিহত হয়েছেন।
নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী গ্রামের বাসিন্দা। তিনি যুবলীগের কর্মী ছিলেন বলে পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে।
একই ঘটনায় আরও অন্তত দুজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার ভোর ৬টার পর জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে জমায়েত হন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সকাল ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা (নাওডোবা) ও মাদারীপুরের শিবচর সীমানায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত অবরোধের চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় অন্তত ৩০টি যানবাহনে।
পুলিশ জানায়, আওয়ামী লীগ সমর্থকরা সড়ক অবরোধ করে একটি বাজার, একটি রেস্তোরাঁ ও অন্তত ৩০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং টোল প্লাজার কাছে বিএনপির অস্থায়ী ক্যাম্প, চেয়ার-টেবিল ভাঙচুর করেন।
App «Eye News BD»
Comentarios 0