বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার ২০২৭-২৮ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. ছাইদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা মো. সোলায়মান হোসেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সিরাজগঞ্জ শহরের দারুল ইসলাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির জেলা দ্বিবার্ষিক সম্মেলনের শেষ অধিবেশনে তাঁদের নির্বাচিত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম। প্রধান আলোচক ছিলেন ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম।
প্রধান অতিথির বক্তব্যে লস্কর মো. তসলিম বলেন, আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার বিকল্প নেই। সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান হবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0