কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই

কে হবেন বিএনপির প্রার্থী? কে পাবেন দলীয় মনোনয়ন? আর শেষ পর্যন্ত এই আসনের নিয়ন্ত্রণ যাবে কার হাতে—বিএনপি, নাকি জামায়াতে ইসলামী?..
Bagikan di Eidok
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই
Foto: dikumpulkan

করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন। এর রাজনৈতিক হিসাব-নিকাশ এখন জাতীয় রাজনীতির আলোচনায়।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৬৬৩ জন। এর মধ্যে করিমগঞ্জে ২ লাখ ৯১ হাজার ৫৭ জন ও তাড়াইলে ভোটার ১ লাখ ২১ হাজার ৬০৬ জন। 

ড. ওসমান ফারুকের পদত্যাগের পর থেকেই এই আসনকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক মেরুকরণ। কে হবেন বিএনপির প্রার্থী? কে পাবেন দলীয় মনোনয়ন? আর শেষ পর্যন্ত এই আসনের নিয়ন্ত্রণ যাবে কার হাতে—বিএনপি, নাকি জামায়াতে ইসলামী? এমন নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে।

বিগত নির্বাচনের ভোটের হিসাব..

সর্বশেষ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জিহাদ খান পেয়েছিলেন ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট। অন্যদিকে, বিএনপির ড. ওসমান ফারুক পেয়েছিলেন ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট।

দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল মাত্র ১০ হাজার ৩৬২। অর্থাৎ, ভোটের ব্যবধান খুব বেশি না হওয়ায় আসনটিতে জামায়াতে ইসলামীর শক্ত অবস্থানের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

বিগত নির্বাচনে এক লাখের বেশি ভোট পাওয়ার মধ্য দিয়ে দলটি এই আসনে নিজেদের একটি শক্তিশালী ভোটভিত্তির পরিচয় দিয়েছে। সেই ভোট ধরে রাখা এবং নতুন ভোটারদের সমর্থন আদায় করতে পারলে উপনির্বাচনে দলটির প্রার্থী গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন।

তবে নির্বাচনের ফলাফল নির্ধারণে শুধু আগের ভোটের হিসাবই শেষ কথা নয়। প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি, স্থানীয় নেতাকর্মীদের ঐক্য এবং ভোটারদের মনোভাব— সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সব মিলিয়ে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন হতে যাচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা।

এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ড. ওসমান ফারুকের শূন্যস্থান পূরণ করবেন কে? করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার রাজনৈতিক বিশ্লেষকদের কাছে বিএনপির জন্য এই আসনে প্রার্থী নির্বাচন হতে যাচ্ছে বড় একটি চ্যালেঞ্জ। কারণ, জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কর্নেল (অব.) প্রফেসর ডা. জেহাদ খান জামায়াতের প্রার্থী হিসেবে তিনি গণসংযোগসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বিএনপিকে এমন একজন প্রার্থী বেছে নিতে হবে, যিনি স্থানীয়ভাবে গ্রহণযোগ্য, সাংগঠনিকভাবে শক্তিশালী এবং ভোটারদের কাছে জনপ্রিয়।

তবে ড. ওসমান ফারুকের পদত্যাগের পর বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোট ৫ জন নেতা।  এ ক্ষেত্রে আলোচনায় উঠে আসছে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লার নাম। বিগত নির্বাচনে ড. ওসমান ফারুকের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশী হিসেবে তাঁর রাজনৈতিক তৎপরতা ও জনপ্রিয়তা আলোচনায় ছিল। সহ-সভাপতি জালাল মোহাম্মদ গাউস, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, চিকিৎসক এরশাদ আহসান সোহেল, তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। 

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরাও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হতে পারেন।

বিএনপি কি ড. ওসমান ফারুকের শূন্যস্থান পূরণে যোগ্য প্রার্থী বেছে নিতে পারবে? নাকি জামায়াতে ইসলামী আগের নির্বাচনের ভোটের ব্যবধান ঘুচিয়ে নতুন রাজনৈতিক ইতিহাস তৈরি করবে? শেষ পর্যন্ত এই আসন কার দখলে যাবে, তা নির্ভর করছে প্রার্থী নির্বাচন, নির্বাচনী কৌশল এবং ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

উল্লেখ্য, অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে পদত্যাগপত্র পাঠান বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক।

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, পরবর্তী ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই হিসেবে বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৭ ডিসেম্বর, আপিল দায়ের ৮ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ২০২৬। ভোটগ্রহণ ১০ জানুয়ারি ২০২৭ (সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একটানা)।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan