শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
দেশব্যাপী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা রুখে দিতে ঢাকার কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর, ২০২৬) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট কদমতলি মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি কদমতলি মোড় থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মোড়ে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এতে উপজেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
পথসভায় বক্তারা বলেন, “দেশব্যাপী নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার এবং দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা আমরা কঠোরভাবে প্রতিহত করব।”
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কেরানীগঞ্জের মাটিতে কোনো সন্ত্রাসী বা নৈরাজ্যকারীকে প্রশ্রয় দেয়া হবে না। যেকোনো অপতৎপরতা রুখতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ থাকবে।
মিছিল ও পথসভায় কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে কদমতলি মোড় ও তৎসংলগ্ন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

দক্ষিণ কেরানীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট কদমতলি মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল
Application « Eye News BD »
commentaires 0