ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার রসুলপুর বাজারের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ পূর্ব তালমা এলাকার ইমরান লস্করের ছেলে। সে তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহসহ তার সঙ্গে থাকা কয়েকজন বন্ধু আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের বাড়ি শাকপালদিয়া এলাকায় বলে জানা গেছে।
তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এদিকে, অল্প বয়সে মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহর এমন মর্মান্তিক মৃত্যুতে তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং মহান আল্লাহর কাছে তার জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করা হয়েছে।
Aplikasi 'Eye News BD'
Komentar 0