মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২২ নভেম্বর) সদর উপজেলার কোর্টরোড, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন; মিনহাজ মিয়া (২০), মো. হক মিয়া (৪০), মো. রবিউল ইসলাম (২৪), মো. শরিফুল ইসলাম (৪৫), মো. খোকন মিয়া (২০), ছবির মিয়া (৩৫), মো. ফয়েজ মিয়া (৩৫) ও মো. সবুজ শেখ (৩৬)।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত তাঁদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান,মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
তিনি মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করতে এবং মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।
Application « Eye News BD »
commentaires 0