
দুদকের অভিযান মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায় ও সরকারি কোষাগারে জমা নিয়ে অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর এক্স-রে পরীক্ষার ফি আদায় করা হলেও সরকারি জমা রেজিস্টারে পাওয়া গেছে মাত্র একজনের হিসাব। প্যাথলজি বিভাগেও আদায় ও জমার হিসাবে গরমিল পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাসপাতালটিতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে এসব তথ্য পায় দুদকের সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল।
অভিযানে হাসপাতালের এক্স-রে বিভাগে তিনজন এবং প্যাথলজি বিভাগে দুজন টেকনিশিয়ান কর্মরত থাকার তথ্য পাওয়া যায়। তবে তাঁদের কারও কাজের সনদ, অভিজ্ঞতার প্রমাণ কিংবা বৈধ নিয়োগপত্র পাওয়া যায়নি। প্রাতিষ্ঠানিক বা আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগের কোনো নথিও দেখাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই কর্মচারী নিয়োগ, সিজারিয়ান অস্ত্রোপচার ও কেবিনের অর্থ আত্মসাৎ এবং রোগী হয়রানির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহেও অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি।
দুদকের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এরশাদ আলী জানান, অভিযানে ফি আদায়ের রশিদের মুড়ি, জমা রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। এসব নথি পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান বলেন, জনবল সংকটের কারণে উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচনার ভিত্তিতে পাঁচ টেকনিশিয়ানকে অনানুষ্ঠানিকভাবে কাজে যুক্ত করা হয়েছে। রোগীপ্রতি তাঁদের পারিশ্রমিক দেওয়া হয়। পরীক্ষা ও অপারেশনের ফি নিয়মিত সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন। তবে তাৎক্ষণিকভাবে এ-সংক্রান্ত নথি দেখাতে পারেননি।
দুদকের অনুসন্ধানে হাসপাতালের ফি আদায়, সরকারি জমা ও নিয়োগসংক্রান্ত অনিয়মের বিষয়টি সামনে আসায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এসব অভিযোগের প্রকৃত চিত্র ও দায়ীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
Приложение «Eye News BD»
Комментарии 0