সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কর্মী মো. মাহমুদুল হাসানকে (৩০) আটক করেছে পুলিশ। ঘটনার পর ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মাহমুদুল হাসানকে আটক করে সদর থানা পুলিশ। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত। তিনি ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটে। এর আগে ওই নারী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকটি পরীক্ষা করানোর জন্য হাসপাতালে যান। প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাঁকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগ থেকেও একই কথা জানানো হয়।
অভিযোগ অনুযায়ী, পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় প্যাথলজি বিভাগের কর্মী মাহমুদুল হাসান ওই নারীকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকেন। একপর্যায়ে তাঁর কাছে প্রস্রাবের নমুনা চান। নমুনা নিয়ে গেলে তাঁকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলেন অভিযুক্ত।
ভুক্তভোগীর অভিযোগ, তিনি কক্ষে প্রবেশ করলে মাহমুদুল দরজা বন্ধ করে দেন। এরপর চুল টেনে ধরে ভয়ভীতি দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ ঘটনা কাউকে জানালে পরিণতি ভালো হবে না বলেও তাঁকে ভয় দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে বাড়িতে ফিরে ওই নারী তাঁর স্বামীকে বিষয়টি জানান। স্বামী খোঁজখবর নিয়ে তাঁকে থানায় নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
এদিকে সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম না। পরবর্তীতে বিষয়টি জেনে আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা একজন রোগীর সঙ্গে এমন অভিযোগ ওঠায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগীর নিরাপত্তা এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0