মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কোনো চাপে নেই এবং কোনো গণমাধ্যমের প্রতিবেদনকে সরকার ভারতের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করছে না। তাঁকে ফেরত দিতে ভারত সরকার কোনো শর্ত দেবে বলেও মনে করে না সরকার।
চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সুযোগ নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যা রুখতে সরকারের কড়া নজরদারি রয়েছে। এছাড়া গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা প্রসঙ্গে তিনি জানান, যেকোনো নাশকতা কঠোরভাবে দমন করা হবে এবং কম বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। ব্রিফিংয়ে গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো আপডেট আসেনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ড, যাত্রাপালা ও সার্কাসের পরিধি বাড়ানো হবে, তবে এর নামে কোনো অশ্লীলতা বরদাশত করা হবে না বলেও তিনি জানান।
Application « Eye News BD »
commentaires 0