ঐক্য ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। সামান্য স্বার্থের কারণে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি না করে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও সমন্বয়কসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, মাছ, কৃষি ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে শ্যামনগরের রয়েছে ব্যাপক সম্ভাবনা। সুন্দরবন এ জনপদের সবচেয়ে বড় পরিচয়। এসব সম্ভাবনাকে কাজে লাগানো এবং এলাকার ঐতিহ্য ও সম্পদ রক্ষায় শ্যামনগরের প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে শ্যামনগর শুধু সাতক্ষীরা নয়, পুরো বিভাগ তথা দেশের মধ্যে বিশেষ পরিচিতি অর্জন করতে পারবে।
তিনি বলেন, বাংলাদেশ আবারও অন্ধকারে ফিরে যাক, তা কেউ চান না। দেশকে কোনোভাবেই পিছিয়ে যেতে দেওয়া যাবে না। বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে প্রত্যেককে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে। দেশের জন্য কাজ করার মধ্যেই প্রকৃত আত্মতৃপ্তি রয়েছে।
মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে পারিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, কোনো পরিবারের সব সদস্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার খবর অত্যন্ত উদ্বেগজনক। শুরুতেই এসব অপরাধপ্রবণতা প্রতিরোধ করা না গেলে সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, কারও মধ্যে ছোটখাটো ভুলত্রুটি থাকলে তা সংশোধন করে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। শ্যামনগরের পদ্মপুকুর উপকূল রক্ষা বাঁধ সংস্কার, শিক্ষার মানোন্নয়ন, সরকারি জমির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং খেলাধুলার জন্য মাঠ তৈরিসহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট মাহবুব, সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, চেয়ারম্যান আমজাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, আনসার-ভিডিপি কর্মকর্তা আলমগীর হোসেন, নৌ-পুলিশের ইনচার্জ হাফিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, সামরিক গোয়েন্দা বিভাগের আব্দুল্লাহ আল মামুন এবং প্রধান শিক্ষক আব্দুল্লাহ প্রমুখ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং শ্রেণিকক্ষে পাঠরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহমূলক ও গঠনমূলক বক্তব্য দেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন।
এরপর তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। এ সময় রেকর্ডরুমসহ কার্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে শ্যামনগর থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক।
تطبيق «Eye News BD»
تعليقات 0