দক্ষিণাঞ্চলের সাড়াজাগানো তারুণ্যে কবি-রবি ডাকুয়ার ৩টি কবিতা | আই নিউজ বিডি

দক্ষিণাঞ্চলের সাড়াজাগানো তারুণ্যে কবি-রবি ডাকুয়ার ৩টি কবিতা

নির্বাক নির্বাসন,

‎পৃথিবীর পথে পথে
‎
অনন্ত অসময়

কবি-ম.ম.রবি ডাকুয়া..
Eidok-এ শেয়ার
দক্ষিণাঞ্চলের সাড়াজাগানো তারুণ্যে কবি-রবি ডাকুয়ার ৩টি কবিতা
ছবি: সংগৃহীত
নির্বাক নির্বাসন
‎
‎ম. ম. রবি ডাকুয়া
‎
‎তোমার নির্বাক নির্বাসনে কত কথারা ধুঁকে ধুঁকে মরে, শব্দহীন নৈঃশব্দ্যের উচ্চারণে কত অব্যক্ত কথারা গুমরে কাঁদে!
‎
‎কত অভিমান জমে থাকে তোমার ঠোঁটের বন্ধ দরজায়, কত না-বলা গল্প প্রতিরাতে অশ্রু হয়ে বালিশ ভেজায়।
‎
‎তুমি নীরব থাকো— অথচ তোমার নীরবতার ভেতর কত সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে, কত দীর্ঘশ্বাসের মৃত পাখিরা ডানা মেলে উড়তে না পেরে হৃদয়ের খাঁচায় ছটফট করে।
‎
‎আমি প্রতিদিন তোমার নীরবতা পড়ি, অক্ষরহীন কোনো প্রাচীন পাণ্ডুলিপির মতো। যেখানে প্রতিটি পৃষ্ঠায় লেখা আছে আমার হারিয়ে যাওয়ার ইতিহাস, আর প্রতিটি বিরামচিহ্নে তোমাকে ফিরে পাওয়ার অসম্ভব প্রত্যাশা।
‎
‎জানো, কিছু কথা উচ্চারণের আগেই মরে যায়, কিছু ভালোবাসা প্রকাশের আগেই নির্বাসিত হয়, আর কিছু মানুষ সারাজীবন কথা বলার অধিকার পেয়েও প্রিয় মানুষের কাছে নির্বাক থেকে যায়।
‎
‎তোমার নীরবতা তাই শুধু নীরবতা নয়— এ আমার সমস্ত উচ্চারণের মৃত্যু, এ আমার বুকের ভেতর শব্দহীন এক দীর্ঘ কবরস্থান।
‎
‎
‎
‎
‎পৃথিবীর পথে পথে
‎— ম. ম. রবি ডাকুয়া
‎
‎যে ব্যথা পেয়ে গেছি পৃথিবীর পথে পথে, মানুষকে ভালোবেসে— তার হিসাব কোনোদিন কোনো খাতার পাতায় মেলাতে  পারিনি।
‎
‎কত মুখে এঁকেছি বিশ্বাসের প্রতিচ্ছবি, কত চোখে খুঁজেছি আপন ঠিকানা; অথচ দিনশেষে বুঝেছি, সব মানুষ আশ্রয় দিতে জানে না, কেউ কেউ কেবল আশ্রয়ের স্বপ্ন দেখিয়ে নির্বাসনে পাঠাতে জানে।
‎
‎তবু মানুষকে ভালোবেসেছি, বারবার, নির্দ্বিধায়, নিঃস্ব হওয়ার মতো করে। যারা হৃদয়ে ক্ষত এঁকে চলে গেছে, তাদের প্রতিও জমাইনি কোনো অভিশাপ।
‎
‎শুধু বুকের গোপন অন্ধকারে একটি দীর্ঘশ্বাস আজও জেগে থাকে— পৃথিবীতে মানুষকে ভালোবাসাই কি আমার সবচেয়ে সুন্দর ভুল ছিল?
‎
‎
‎
‎অনন্ত অসময়
‎
‎ম. ম. রবি ডাকুয়া
‎
‎সময় পেরিয়ে গেলে ওপারে অনন্ত অসময়, যেখানে প্রেম নেই, বসন্ত নেই, নেই স্বপ্নের কোনো রঙিন প্রজাপতি, নেই প্রত্যাশার জানালায় দাঁড়িয়ে কারও ফিরে আসার প্রতীক্ষা।
‎
‎সেখানে ঘড়ির কাঁটা থেমে থাকে, অথচ সময়ের মৃত্যু হয় না; সেখানে বিরহ নেই, বিচ্ছেদ নেই, নেই ভালোবাসার জন্য বুকের ভেতর এক সমুদ্র দীর্ঘশ্বাস।
‎
‎এপারে কত আয়োজন— কত প্রেম, কত অভিমান, কত না-পাওয়ার দীর্ঘশ্বাসে একটি জীবন নিঃশেষ হয়ে যায়। তবু মানুষ স্বপ্ন দেখে, অপ্রাপ্তির ভেতরেও বসন্ত খোঁজে, মৃত্যুর দিকে হেঁটেও জীবনকে ভালোবাসে।
‎
‎অথচ ওপারে— কেউ কারও অপেক্ষায় থাকে না, কোনো চিঠির উত্তর আসে না, কোনো বিকেল প্রেমিকের নামে উদাস হয়ে ওঠে না।
‎
‎সময় পেরিয়ে গেলে সব হিসাবের অবসান হয়, শুধু থেকে যায় এই প্রশ্ন— যে জীবন এত ভালোবাসার আকাঙ্ক্ষায় কাটালাম, তার সমস্ত ভালোবাসা তবে কোথায় জমা রাখব?
‎
‎নাকি অনন্ত অসময়ের ওপারেও আমার কিছু অসমাপ্ত প্রেম নীরবতার মতো বেঁচে থাকবে!
‎

הערות 0

לא נמצאו הערות