নির্বাক নির্বাসন
ম. ম. রবি ডাকুয়া
তোমার নির্বাক নির্বাসনে কত কথারা ধুঁকে ধুঁকে মরে, শব্দহীন নৈঃশব্দ্যের উচ্চারণে কত অব্যক্ত কথারা গুমরে কাঁদে!
কত অভিমান জমে থাকে তোমার ঠোঁটের বন্ধ দরজায়, কত না-বলা গল্প প্রতিরাতে অশ্রু হয়ে বালিশ ভেজায়।
তুমি নীরব থাকো— অথচ তোমার নীরবতার ভেতর কত সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে, কত দীর্ঘশ্বাসের মৃত পাখিরা ডানা মেলে উড়তে না পেরে হৃদয়ের খাঁচায় ছটফট করে।
আমি প্রতিদিন তোমার নীরবতা পড়ি, অক্ষরহীন কোনো প্রাচীন পাণ্ডুলিপির মতো। যেখানে প্রতিটি পৃষ্ঠায় লেখা আছে আমার হারিয়ে যাওয়ার ইতিহাস, আর প্রতিটি বিরামচিহ্নে তোমাকে ফিরে পাওয়ার অসম্ভব প্রত্যাশা।
জানো, কিছু কথা উচ্চারণের আগেই মরে যায়, কিছু ভালোবাসা প্রকাশের আগেই নির্বাসিত হয়, আর কিছু মানুষ সারাজীবন কথা বলার অধিকার পেয়েও প্রিয় মানুষের কাছে নির্বাক থেকে যায়।
তোমার নীরবতা তাই শুধু নীরবতা নয়— এ আমার সমস্ত উচ্চারণের মৃত্যু, এ আমার বুকের ভেতর শব্দহীন এক দীর্ঘ কবরস্থান।
পৃথিবীর পথে পথে
— ম. ম. রবি ডাকুয়া
যে ব্যথা পেয়ে গেছি পৃথিবীর পথে পথে, মানুষকে ভালোবেসে— তার হিসাব কোনোদিন কোনো খাতার পাতায় মেলাতে পারিনি।
কত মুখে এঁকেছি বিশ্বাসের প্রতিচ্ছবি, কত চোখে খুঁজেছি আপন ঠিকানা; অথচ দিনশেষে বুঝেছি, সব মানুষ আশ্রয় দিতে জানে না, কেউ কেউ কেবল আশ্রয়ের স্বপ্ন দেখিয়ে নির্বাসনে পাঠাতে জানে।
তবু মানুষকে ভালোবেসেছি, বারবার, নির্দ্বিধায়, নিঃস্ব হওয়ার মতো করে। যারা হৃদয়ে ক্ষত এঁকে চলে গেছে, তাদের প্রতিও জমাইনি কোনো অভিশাপ।
শুধু বুকের গোপন অন্ধকারে একটি দীর্ঘশ্বাস আজও জেগে থাকে— পৃথিবীতে মানুষকে ভালোবাসাই কি আমার সবচেয়ে সুন্দর ভুল ছিল?
অনন্ত অসময়
ম. ম. রবি ডাকুয়া
সময় পেরিয়ে গেলে ওপারে অনন্ত অসময়, যেখানে প্রেম নেই, বসন্ত নেই, নেই স্বপ্নের কোনো রঙিন প্রজাপতি, নেই প্রত্যাশার জানালায় দাঁড়িয়ে কারও ফিরে আসার প্রতীক্ষা।
সেখানে ঘড়ির কাঁটা থেমে থাকে, অথচ সময়ের মৃত্যু হয় না; সেখানে বিরহ নেই, বিচ্ছেদ নেই, নেই ভালোবাসার জন্য বুকের ভেতর এক সমুদ্র দীর্ঘশ্বাস।
এপারে কত আয়োজন— কত প্রেম, কত অভিমান, কত না-পাওয়ার দীর্ঘশ্বাসে একটি জীবন নিঃশেষ হয়ে যায়। তবু মানুষ স্বপ্ন দেখে, অপ্রাপ্তির ভেতরেও বসন্ত খোঁজে, মৃত্যুর দিকে হেঁটেও জীবনকে ভালোবাসে।
অথচ ওপারে— কেউ কারও অপেক্ষায় থাকে না, কোনো চিঠির উত্তর আসে না, কোনো বিকেল প্রেমিকের নামে উদাস হয়ে ওঠে না।
সময় পেরিয়ে গেলে সব হিসাবের অবসান হয়, শুধু থেকে যায় এই প্রশ্ন— যে জীবন এত ভালোবাসার আকাঙ্ক্ষায় কাটালাম, তার সমস্ত ভালোবাসা তবে কোথায় জমা রাখব?
নাকি অনন্ত অসময়ের ওপারেও আমার কিছু অসমাপ্ত প্রেম নীরবতার মতো বেঁচে থাকবে!
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0