বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক দীর্ঘ ও উত্তাল অধ্যায়ের প্রামাণ্য দলিল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তিন মেয়াদের সাবেক প্রধানমন্ত্রী এবং স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীনির্ভর গ্রন্থ ‘বেগম খালেদা জিয়া—জন্ম থেকে মহাপ্রস্থান : এক অবিনশ্বর ইতিহাস’।
সাংবাদিক ও লেখক মোহাম্মদ মাসুদ-এর সুদীর্ঘ গবেষণামূলক এই গ্রন্থটি অচিরেই প্রকাশ করতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় প্রকাশনা সংস্থা ‘প্রতিভা প্রকাশ’।
আটটি সুবিন্যস্ত অধ্যায় এবং ঐতিহাসিক তথ্য-উপাত্তে সমৃদ্ধ এই গ্রন্থটিতে ১৯৪৫ সালে ব্রিটিশ ভারতের জলপাইগুড়ি থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত বিস্তৃত বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মের সামগ্রিক চিত্র অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
একটি রাজনৈতিক জীবনবৃত্তান্তের বাইরে গিয়ে গ্রন্থটিতে একটি স্বাধীনতাকামী জাতির সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাসও স্থান পেয়েছে। একজন সাধারণ গৃহবধূ থেকে ১৯৭১ সালের অবরুদ্ধ দিনগুলোর দিনপঞ্জি, ১৯৮০-এর দশকে স্বৈরাচার ও সামরিক শাসনবিরোধী আপসহীন আন্দোলন, তিন মেয়াদে সরকার পরিচালনা, ওয়ান-ইলেভেন পরবর্তী দীর্ঘ কারাবাস এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই বিপ্লবোত্তর রাজনৈতিক পটপরিবর্তন—প্রতিটি বাঁকই লেখক সুচারুভাবে বিশ্লেষণ করেছেন।
গ্রন্থটির অন্যতম উল্লেখযোগ্য দিক হলো খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের একটি অনন্য ও অবিসংবাদিত রেকর্ডের আলোচনা—পাঁচটি সাধারণ নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কখনো পরাজিত না হওয়ার ঐতিহাসিক সাফল্য।
এছাড়াও ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাঁর মহাপ্রস্থান এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট ও ঘটনাবলি এ গ্রন্থকে একটি অনন্য ইতিহাস দলিলে রূপ দিয়েছে।
বইটির শেষভাগে সংযোজিত খালেদা জিয়ার নির্বাচিত ঐতিহাসিক ভাষণসমূহ গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও ইতিহাসপ্রেমীদের জন্য এক অমূল্য ও দুর্লভ সংগ্রহ হিসেবে বিবেচিত হবে।
সমকালীন বাংলাদেশের রাজনীতির চড়াই-উৎরাই, গণতান্ত্রিক সংগ্রাম এবং রাষ্ট্রনায়ক খালেদা জিয়ার জীবনের না বলা বহু অধ্যায় উন্মোচনে এই প্রামাণ্য গ্রন্থটি পাঠকসমাদৃত হবে বলে আশা প্রকাশ করছেন সাহিত্য ও রাজনৈতিক বিশ্লেষকরা।