রোববার বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের নেপথ্যের কারণ তুলে ধরেন। ডিআইজির ভাষ্যমতে, জব্দকৃত মুঠোফোনের ফরেনসিক পরীক্ষায় দুটি বড় বার্তার তথ্য মিলেছে, যা মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে। এর একটি হলো ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা এবং অন্যটি হলো ডিসেম্বরে জীবন বাজি রেখে সবার মাঠে নামার পরিকল্পনা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) প্রাথমিক তথ্যের ভিত্তিতে এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ ও তাঁর দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পরীক্ষায় অভিযোগের সত্যতা মেলায় শনিবার (১৪ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের এএসপি আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এর পরপরই হালিশহর এলাকার জেলা পুলিশ লাইন্স অফিসার্স মেস থেকে ২৮তম বিসিএসের এই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
ডিআইজি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত দলের নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচার ও যোগাযোগের অভিযোগে তাঁর বিরুদ্ধে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় পুলিশের অন্য কোনো সদস্য জড়িত কি না, তা নিয়মিত ও বিভাগীয় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
'আই নিউজ বিডি' অ্যাপ
تبصرے 0