দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন শেখ সাহেদ আলী এবং নিয়মিত ডায়ালাইসিস নিতেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৪ অক্টোবর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে স্ট্রোকের পাশাপাশি ডেঙ্গু, হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহ ও সংক্রমণসহ নানা জটিলতা দেখা দেয়। বৃহস্পতিবার গুরুতর রক্তক্ষরণ শুরু হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার সকালে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ আসর পুরান ঢাকার গোপীবাগ জামে মসজিদে জানাজা শেষে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
নব্বইয়ের দশকে ‘গাছ’ ব্যান্ড প্রতিষ্ঠার মাধ্যমে ব্যান্ড সংগীতে নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন শেখ সাহেদ, যিনি সংগীতাঙ্গনে ‘রোকযানা সাহেদ’ নামেও সুপরিচিত ছিলেন। ১৯৯১ সালে প্রথম একক অ্যালবাম ‘প্রভু’ প্রকাশের পর তিনি আরও পাঁচটি অ্যালবাম উপহার দেন। তাঁর গাওয়া ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’ গানগুলো শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। টানা ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের স্বপ্ন অপূর্ণ রেখেই চলে গেলেন এই গুণী শিল্পী।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0