জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক… | আই নিউজ বিডি

জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু..

Abdussattar avatar   
Abdussattar
জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু..
জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু..
ছবি: সংগৃহীত
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ..
 
 
দিনাজপুর প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ।
এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন দিনাজপুর জিলা স্কুলের বাংলা বিভাগের সহকারী শিক্ষক মো. শাহজাহান আলী সাজু। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন। এর আগে ২০১৮, ২০২২ ও ২০২৪ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
 
শিক্ষকতা পেশায় আসার পেছনের অনুপ্রেরণা তুলে ধরে শাহজাহান আলী সাজু বলেন আমি শিক্ষকই হতে চেয়েছিলাম। ছোটবেলা থেকেই মনে করতাম—Our teacher, our hero। এই চেতনা থেকেই সম্ভবত আমার শিক্ষকতার বীজ রোপিত হয়েছিল।
তিনি ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বিভাগীয় সংগঠন তীর্থ সারথীর সভাপতি নির্বাচিত হন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রতিষ্ঠা করেছেন সাহিত্য সংসদ এবং বিজ্ঞান চেতনা পরিষদ । সম্পাদনা করেছেন কাদামাটি নামের ছোটকাগজ। স্কুলজীবনে দেয়ালিকায় কবিতা লেখার মধ্য দিয়ে তাঁর সাহিত্যচর্চার সূচনা। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ থেকে প্রবন্ধচর্চা শুরু করেন। সাহিত্য সমালোচনা ও কথাসাহিত্যের পুনঃপাঠ বিশ্লেষণমূলক তাঁর বেশ কিছু লেখা বিভিন্ন লিটলম্যাগ এবং জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ভাষা শহীদ (২০০৮), কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন (২০১১), নেতাজি সুভাষচন্দ্র বসু (২০১২), সেক্টর কমান্ডার  (২০১২), মওলানা ভাসানী (২০১৫) এবং শ্রেষ্ঠ কবিতা  বুদ্ধদেব বসু (সম্পাদনা ২০১২)।
 
২০০৫ সালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে খণ্ডকালীন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে ২০০৮ সালে উত্তরার মাইলস্টোন কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১১ সালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ২০১৪ সাল থেকে দিনাজপুর জিলা স্কুলে বাংলা বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
শিক্ষার্থীদের সঙ্গে তাঁর পাঠদান পদ্ধতিও কিছুটা ব্যতিক্রমী। শিক্ষার্থীদের মনোজগৎ বোঝার চেষ্টা করেন তাদের মতো করেই। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে খেলাধুলা ও সাইকেল চালান। জীবনের গল্প শুনিয়ে তাদের প্রতিকূলতা মোকাবিলা, স্বপ্ন দেখা এবং আলোর পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। একুশ শতকের প্রয়োজনীয় জীবনদক্ষতা অর্জনেও শিক্ষার্থীদের উৎসাহিত করেন। বিদ্যালয়ের বিভিন্ন সৃজনশীল সহশিক্ষা কার্যক্রম ও ক্লাবের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
শিক্ষকতা ও শিক্ষা কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। ২০২২ সালে উপজেলা, জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। ২০২৪ সালে আবারও উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হন। ২০২৫ সালে দিনাজপুর সদর উপজেলা, জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। সর্বশেষ ২০২৬ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। ২০১৭ সালে দিনাজপুর জিলা স্কুলে Flapper Education Board  (ফ্ল্যাপার এডুকেশন বোর্ড) স্থাপন করেন যা জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালকের স্বীকৃতি লাভ করে। ২০১৯ সালে দিনাজপুরে শিক্ষা, লাইব্রেরি ও ক্যাফের সমন্বয়ে বহুমাত্রিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম Education Cafe প্রতিষ্ঠা করেন। ২০২২ সালে প্রতিষ্ঠানটি রংপুর বিভাগীয় ইনোভেশন শোকেসিংয়ে জেলা পর্যায়ে প্রথম এবং বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়।
শিক্ষকতা, সাহিত্যচর্চা ও শিক্ষা উদ্ভাবনে ধারাবাহিক অবদানের মধ্য দিয়ে মো. শাহজাহান আলী সাজু দিনাজপুরের শিক্ষাঙ্গনে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন। তাঁর এই অর্জন শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার শিক্ষা-সংশ্লিষ্ট মহলে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ।
 
 
 
 
 
 
 
Ingen kommentarer fundet


News Card Generator