ইবি প্রতিনিধি :
যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে সুপেয় পানির সংকটে ভোগা একটি অসহায় পরিবারকে নলকূপ স্থাপন করে দিয়েছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন হ্যান্ডস ফর হিউম্যানিটি (HfH)। গত ২৮ অক্টোবর সংগঠনটির নতুন উদ্যোগ ‘HfH Tube Well Project’-এর প্রথম কার্যক্রম হিসেবে নলকূপটি বসানো হয়।
আট সদস্যের পরিবারটির আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব কোনো নলকূপ না থাকায় দৈনন্দিন পানির প্রয়োজন মেটাতে প্রতিবেশীর বাড়ি থেকে পানি সংগ্রহ করতে হতো। এতে পরিবারের সদস্যদের বেশ ভোগান্তি পোহাতে হতো। এমন পরিস্থিতিতে পরিবারটির পানির সংকট নিরসনে নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
নলকূপ স্থাপনের পর স্বস্তি প্রকাশ করে উপকারভোগী ইনসার সরদার বলেন, “আমাদের বাড়িতে সুপেয় পানির কোনো ব্যবস্থা ছিল না। এত দিন প্রতিবেশীর নলকূপ থেকে পানি সংগ্রহ করে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হতো। হ্যান্ডস ফর হিউম্যানিটি আমাদের একটি নলকূপের ব্যবস্থা করে দিয়েছে। এর মাধ্যমে আমাদের পরিবারের সবাই উপকৃত হবে। দোয়া করি, তারা যেন এ ধরনের মানবিক কাজগুলো অব্যাহত রাখতে পারে।”
এ বিষয়ে হ্যান্ডস ফর হিউম্যানিটির সভাপতি আমির ফয়সাল বলেন, “আমাদের মানবিক কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মানুষের সুপেয় পানির প্রয়োজনীয়তা বিবেচনায় ‘HfH Tube Well Project’ নামে নতুন এ প্রকল্পটি চালু করা হয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে আমাদের।”
সংগঠনটির সাধারণ সম্পাদক রায়হান কবির বলেন, “HfH Tube Well Project আমাদের নতুন একটি উদ্যোগ। এ প্রকল্পের আওতায় প্রথম কার্যক্রম হিসেবে একটি অসহায় পরিবারের জন্য নলকূপ স্থাপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছি। এ ছাড়াও আমরা ফিলিস্তিনে মানবিক সহায়তা এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের এসব মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে যাত্রা শুরু করা হ্যান্ডস ফর হিউম্যানিটি একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। ফিলিস্তিনে মানবিক সহায়তা, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পাঠচক্র, ক্যারিয়ারবিষয়ক কর্মশালা ও বৃত্তিসহ বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।